কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম ও অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী Sardar Md. Sakhawat Hossain।
বুধবার (১৭ জুন) সকালে হাসপাতালটি পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের হাজিরা খাতা পরীক্ষা করেন এবং বিভিন্ন ওয়ার্ড, টয়লেট, রান্নাঘর ও হাসপাতালের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতি এবং ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা তার নজরে আসে।
মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে। জনগণের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে নতুন হাসপাতাল স্থাপন, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনের সময় হাসপাতালের রান্নাঘরের হাত ধোয়ার বেসিনের নিচে অপরিষ্কার পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের বেডসহ অন্যান্য সুবিধা সরেজমিনে পরীক্ষা করেন।
পরিদর্শনের আগে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে গিয়ে চিকিৎসকদের উপস্থিতি রেজিস্টার পর্যালোচনা করেন। পরে মাস্টাররোলে নিয়োজিত কর্মচারীদের উপস্থিতিও যাচাই করেন।
সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়ম সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব ক্ষেত্রে ফলাফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন মাসের মধ্যে Kushtia Medical College-কে পূর্ণাঙ্গভাবে চালু এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক Touhid Bin Hasan, পুলিশ সুপার Jasim Uddin, হাসপাতালের পরিচালক আব্দুল মান্নান ও সিভিল সার্জন এস এম কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।