মৌলভীবাজার, ১৭ জুন: মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টায় জেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, নাসির উদ্দিন আহমেদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
পাইলটিং কর্মসূচির আওতায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই উপকারভোগীদের মোবাইল ওয়ালেট ও ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি ভাতার অর্থ প্রেরণ করা হয়, যা সরকারের ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পরে প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত ১৫৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। একই অনুষ্ঠানে বিশেষ সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদান বিতরণ করা হয়। এছাড়াও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা প্রশিক্ষণ অনুদান, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের উন্নয়নের জন্য এককালীন আর্থিক সহায়তা, নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা অনুদান এবং চা শ্রমিকদের জন্য টেকসই আবাসনের বরাদ্দপত্রের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপকারভোগীদের পক্ষ থেকে বক্তব্য দেন গিতা রাণী কর। তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে সন্তানের লেখাপড়ার খরচ বহন করবেন এবং হাঁস-মুরগি পালন করে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর চেষ্টা করবেন। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দেশের নিম্নআয়ের ও অসহায় পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তোলাই মূল লক্ষ্য। এই কর্মসূচি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় সম্প্রসারণ করা হবে।