মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ১৭ জুন : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার মাদক, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে বদ্ধপরিকর। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ঢাকা-১৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আব্দুল বাতেনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও রাহাজানি থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে সচেতনতামূলক কাউন্সেলিং, বিশেষ অভিযান এবং মাদকবিরোধী কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিয়মিত গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের ও সামারি ট্রায়ালের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
মন্ত্রী আরও জানান, কিশোর গ্যাং সদস্যরা যাতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘবদ্ধ অপরাধে জড়াতে না পারে, সে লক্ষ্যে অনলাইন নজরদারি জোরদার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।