চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে প্রায় আড়াই ঘণ্টা ধরে আটকা পড়েছেন প্রায় ৮০০ যাত্রী। শনিবার সকালে এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা ২২ মিনিটে ট্রেনটি ফেনী জংশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ইঞ্জিনের মোটরে ত্রুটি ও আগুনের আভাস পাওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেনটি স্টেশনের ডাউন লাইনে থামিয়ে রাখা হয়।
দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ বাড়ে। অনেক যাত্রী ট্রেন ছেড়ে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
যাত্রীরা অভিযোগ করেন, নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে শিশুদের নিয়ে অপেক্ষা করা অনেক পরিবারের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে ওঠে।
ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন সরিয়ে নেওয়ার পর ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে।