কুষ্টিয়ার বাইপাস সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ট্রাকের কেবিন থেকে সহকারী (হেলপার) রতনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে চালক আনিসেরও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতদের মধ্যে চালক আনিসের বাড়ি ফরিদপুরে এবং হেলপার রতনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার মিনাপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথর নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কুষ্টিয়া শহরের বাইপাস এলাকায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি অথবা চালকের ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা।