চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার হওয়া মো. ইমরান (২৫) পথরীঘোনা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাবের তথ্য অনুযায়ী, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে সলিমপুর ইউনিয়নের পথরীঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই মামলায় এর আগে গত ১৮ জুন আলী আকবর নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ার দিকে নজর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীসহ সাধারণ মানুষের।