চট্টগ্রামে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম মো. জয়নাল (২৭)। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, মারধরের এক পর্যায়ে তাকে বৈদ্যুতিক শকও দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রেলওয়ে পাবলিক হাইস্কুলে জানালার গ্রিল ভেঙে কম্পিউটার চুরির চেষ্টার সময় জয়নালকে আটক করা হয়। এরপর তাকে মারধর করা হয় এবং পরে স্কুলের সামনে ফেলে রাখা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের মা অভিযোগ করে বলেন, তার ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং তিনি এর বিচার চান।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে দুইজনকে আটক করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।