বগুড়ার শাজাহানপুর উপজেলার আট বছর বয়সী শিশু রিফাত হোসেন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম আজাদ, সাগর, সেলিম ইসলাম, মেহেদী হাসান ও রাজু ইসলাম পাঁচফুল। এদের মধ্যে সাগর ও সেলিম ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। এছাড়া অপরাধ সংঘটনের সময় নাবালক হওয়ায় আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ১৫ জুলাই শাজাহানপুর উপজেলার খাদাস হাটখোলা এলাকার বাসিন্দা রিফাত হোসেনকে হত্যা করে তার মরদেহ গুম করা হয়। তিন দিন পর পাশের পোয়ালগাছা গ্রামের একটি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহত শিশুর বাবা এনামুল হক থানায় মামলা দায়ের করেন।
তদন্তে উঠে আসে, প্রধান আসামি আবুল কালাম আজাদ প্রবাসফেরত এনামুল হকের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। ঘটনার দিনও তিনি এক লাখ টাকা ধার চান। টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই নিখোঁজ হয়ে যায় রিফাত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বলেন, আদালতের এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।