বাংলাদেশ ও মালয়েশিয়া ২০২৭ সালের মধ্যে একটি ব্যাপকভিত্তিক মুক্তবাণিজ্য চুক্তি (FTA) সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ ও স্বচ্ছ শ্রমবাজার নিশ্চিত করতে যৌথ কার্যনির্বাহী গ্রুপ (JWG) গঠনে সম্মত হয়েছে দুই দেশ।
সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি, হালাল শিল্প, জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া ‘মালয়েশিয়া-বাংলাদেশ যৌথ বিজনেস কাউন্সিল’ গঠনের অগ্রগতিকে স্বাগত জানানো হয়।
জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান, খনিজ সম্পদ উত্তোলন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছে।
শ্রমবাজার বিষয়ে গঠিত যৌথ কার্যনির্বাহী গ্রুপ বিদ্যমান শ্রম চুক্তি (এমওইউ) পর্যালোচনা করবে এবং বর্তমান বাস্তবতার আলোকে নতুন ও হালনাগাদ চুক্তির ভিত্তি তৈরি করবে। কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
দুই দেশ প্রতিরক্ষা, শিক্ষা, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ফিনটেক ও ডিজিটাল গভর্ন্যান্স খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের পক্ষে যৌথ অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।