সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে সিল করা দানবাক্সের ঢাকনা খুলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই গণনায় মাদরাসার শিক্ষার্থীরা দানের অর্থ গণনা করছেন। পুরো কার্যক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
প্রকাশ্যে দানবাক্স খোলা ও অর্থ গণনার এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে মাজার প্রাঙ্গণে ভক্ত, দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।
প্রশাসন সূত্র জানিয়েছে, গণনা শেষে মোট দানের পরিমাণ নির্ধারণ করা হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দানের অর্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে বিপুল পরিমাণ দান জমা হলেও এবারই প্রথম প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে সেই অর্থ গণনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।