বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নতুন লুকে দেখা গেল আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থ রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে হেয়ারস্টাইলিস্টের কাছে যান তিনি।
মেসির নতুন লুকে বড় কোনো পরিবর্তন না থাকলেও কিছুটা বড় হয়ে যাওয়া চুল ছেঁটে আবারও পরিচিত পরিপাটি স্টাইলে ফিরেছেন তিনি। আর্জেন্টিনা দলের দীর্ঘদিনের হেয়ারস্টাইলিস্ট ড্যানি আলে সামাজিক মাধ্যমে মেসি ও ডি পলের নতুন লুকের ছবি প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে।
অন্যদিকে, ডি পলও আগের মতোই সাদামাটা ও ক্লাসিক হেয়ারস্টাইল বজায় রেখেছেন। রঙিন বা ব্যতিক্রমী স্টাইল থেকে সরে এসে তিনি এখন অনেকটাই সংযত লুকেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে প্রকাশিত ছবিতে মেসি ও ডি পলকে বেশ হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী দেখা গেছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেলে নকআউট পর্বে ওঠার পথ আরও সহজ হবে আর্জেন্টিনার।
? বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া।