মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বিকল হয়ে পড়া একটি লঞ্চ থেকে নারী ও শিশুসহ ৮০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (২২ জুন) বিকেলে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘মকবুল-২’ লঞ্চটি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনি এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে নদীর মাঝপথে বিকল হয়ে পড়ে। বিপদে পড়ে এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়।
খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘এমডি আল-মাহবুব’ লঞ্চের সহায়তায় বিকল লঞ্চের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নারী, শিশু ও অন্যান্য যাত্রী সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।