কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে পুরোপুরি নিষিদ্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত আদালতই নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার চলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতেই দলটির ভবিষ্যৎ নির্ধারিত হবে।
তিনি বলেন, বিচার প্রক্রিয়া চলাকালে সন্ত্রাস দমন আইন, ২০০৯ অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এ অবস্থায় দলটি কোনো কর্মসূচি পালন করতে চাইলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা থাকলেই তাকে গণতান্ত্রিক বলা যায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্দিষ্ট নীতি ও আইনি কাঠামো মেনে চলতে হয়। কোনো দল যদি সেই সীমা অতিক্রম করে, তাহলে আদালতের মাধ্যমে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তিনি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটি রাজনৈতিক নয়; বরং একটি বিচারিক প্রক্রিয়ার বিষয় এবং আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে।