পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু হয়েছে। শনিবার সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে মিছিলটি শুরু হয়। ভোর থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত শিয়া মুসলিম হোসেনি দালানে সমবেত হন।
তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে। মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরিধান করেন। তাদের হাতে প্রতীকী আলাম, পতাকা, নিশান, বেস্তা ও অন্যান্য ধর্মীয় প্রতীক দেখা যায়, যা কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিকে ধারণ করে।
মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সোয়াত, ফায়ার সার্ভিস এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া মিছিলের রুটজুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর সঙ্গীরা সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করেন। তাঁদের এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে সত্য, ন্যায় ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে আছে।