ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে মালবাহী ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ এক ট্রেনচালককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকাগামী ৬০৩ নম্বর মালবাহী ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ৮টি প্যাকেটে রাখা মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় লোকোমাস্টার (ট্রেনচালক) মো. শাহজাহান মিয়াকে (৫০) আটক করা হয়েছে।
অভিযান শেষে রাত পৌনে ১টার দিকে অন্য একজন লোকোমাস্টারের মাধ্যমে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, গাঁজাসহ ট্রেনচালক আটকের ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।