বাড়ির ছাদ, ফুলের টব ও জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান; লার্ভা নিধনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর।
সংক্ষিপ্ত সংবাদ:
ডেঙ্গুমুক্ত নগর গড়ে তুলতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। শুক্রবার রাজধানীর বনানীর ১৮, ২১ ও ২৪ নম্বর সড়কে এডিস মশার লার্ভা ধ্বংস কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।
তিনি সবাইকে বাড়ির ছাদ, ডাবের খোসা, রঙের কৌটা ও যেকোনো পাত্রে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস থেকে লার্ভা নিধনের ট্যাবলেট সংগ্রহ করে নিজ উদ্যোগে ব্যবহারেরও অনুরোধ করেন।
প্রতিমন্ত্রী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার জোরদারের আহ্বান জানান। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, নাগরিকদের সহযোগিতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
অভিযান চলাকালে বনানীর একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি স্থানীয়দের মধ্যে মাইকিং, লিফলেট ও স্টিকার বিতরণের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।