ভাগ্য যেন শেষ মুহূর্তে ইরানের পথ আটকে দিল। মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের নকআউট পর্বে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ হাতছাড়া করেছে তারা। তবে শেষ ৩২-এ ওঠার আশা এখনও বেঁচে আছে। এখন অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে তাদের ভাগ্য।
সিয়াটলে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর ম্যাচে ড্রয়ের ফলে তিন ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে ইরান।
অন্যদিকে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম। ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে মিসর।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিসর। মাত্র ৫ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন মাহমুদ সাবের। এটি ছিল চলতি আসরে মিসরের সবচেয়ে দ্রুততম গোল।
এরপর ১১ মিনিটেই সমতায় ফেরার সুযোগ পায় ইরান। পেনাল্টি পেলেও মেহেদি তারেমির শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক আহমেদ শোবেন।
এখন নকআউটে ওঠার জন্য ইরানকে অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে। অনুকূল সমীকরণ মিললে শেষ ৩২-এ জায়গা পেতে পারে দলটি।