ফেনীর ফুলগাজী উপজেলায় এক কুয়েতপ্রবাসীর স্ত্রীকে নিজ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ি থেকে নিহত কাজল আক্তারের (৩০) মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে। পরে কাজল আক্তারের হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়। তার মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে।
ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী একটি সন্তান ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদরাসায় অবস্থান করছিল।
সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।