জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নদের দাপট; বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়লেন মেসি
বিশ্বকাপের গ্রুপপর্বে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা লিওনেল স্কালোনির দল এবার জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্ব শেষ করেছে।
ম্যাচের প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ করলেও বদলি হিসেবে মাঠে নেমে ব্যবধান আবার বাড়িয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি। তার গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে আরও একটি অনন্য রেকর্ড নিজের নামে লিখিয়েছেন মেসি। এটি ছিল বিশ্বকাপে তার ১৯তম গোল, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডকে আরও সমৃদ্ধ করেছে।
এছাড়া বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তিতে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জাইরজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। জর্ডানের বিপক্ষে গোল করে সেই রেকর্ড ভেঙে এককভাবে ইতিহাসের সর্বোচ্চ আসনে উঠে গেলেন মেসি।
রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে প্রায় প্রতিটি ম্যাচেই নতুন ইতিহাস গড়ে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। তার দুর্দান্ত ফর্মে ভর করেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নকআউট পর্বে পা রাখল আর্জেন্টিনা।