জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রয়োজন প্রায় ৮,৭১০ কোটি টাকা, কিন্তু অবসর তহবিলে জমা রয়েছে মাত্র ১,৩০০ কোটি টাকা। ফলে প্রায় ৭,৪১০ কোটি টাকার অর্থঘাটতি তৈরি হয়েছে।
তিনি আরও জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে আগস্ট ২০২৩ থেকে ২১ জুন ২০২৬ পর্যন্ত প্রায় ৪৫ হাজার আবেদন এখনো অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তির জন্য অতিরিক্ত ৩,১৫০ কোটি টাকা প্রয়োজন।
সরকার ইতোমধ্যে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট দূর করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সফটওয়্যার পুনরায় চালু, জনবল বৃদ্ধি, অনলাইন কার্যক্রম সম্প্রসারণ এবং iBAS++-এর মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে বর্তমানে জমে থাকা সব আবেদন আগামী ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হবে। ভবিষ্যতে অবসর গ্রহণের ৩ থেকে ৬ মাসের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা যেন তাদের অবসর ও কল্যাণ সুবিধা পান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।