চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়িতে এসে ঘুমন্ত স্ত্রী মোছা. রোজিনা খাতুন (১৮)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বামী রাতুলের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশ।
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে রোজিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন রাতুল। নির্যাতনের কারণে প্রায় দুই মাস আগে তিনি বাবার বাড়িতে চলে আসেন এবং সেখানেই অবস্থান করছিলেন।
শনিবার রাতে রাতুল শ্বশুরবাড়িতে এসে পরিবারের সঙ্গে রাতযাপন করেন। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত রোজিনার ওপর অতর্কিত হামলা চালান। রোজিনার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে রাতুলকে আটক করেন এবং পুলিশকে খবর দেন।
আহত রোজিনাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত আঘাত রয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামী বর্তমানে হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।