রংপুরে কলেজছাত্রী নুজশাত জাহানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ উপস্থাপনের পর আদালত এ আদেশ দেন।
রোববার (২৮ জুন) দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইন এ আদেশ দেন।
এর আগে সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাকিনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক আদালতের কাছে তিন দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন।
শুনানিকালে পুলিশ আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র উপস্থাপন করে। তদন্তে উঠে এসেছে, মৃত্যুর আগের তিন মাসে নুজশাত ও সাকিনের মধ্যে অন্তত ১১৮ বার ফোনে কথা হয়েছিল। এছাড়া তাদের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কের বিষয়ে আরও তথ্য যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে আদালতকে জানানো হয়।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে আগামী তিন দিনের মধ্যে যেকোনো একদিন জিজ্ঞাসাবাদের জন্য সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের আদেশের পর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সাকিনকে আবার কারাগারে নেওয়া হয়।
উল্লেখ্য, ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় তার পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ সংগ্রহ করছে।