ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাগলকে মোটাতাজা দেখানোর উদ্দেশ্যে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ঘটনায় অভিযুক্ত চাঁন বাদশাকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৮ জুন) ভোরে উপজেলার কড়ইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে চাঁন বাদশাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সাবুদ্দিনের ছেলে।
এর আগে গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে একটি ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। অবলা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনায় স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তদের শাস্তির দাবি ওঠে।
এ ঘটনায় শনিবার (২৭ জুন) সন্ধ্যায় চাঁন বাদশার সহযোগী শাহাদাতকে আটক করে পুলিশ। পরে রোববার ভোরে মূল অভিযুক্ত চাঁন বাদশাকেও গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে আসার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।