জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশব্যাপী সবুজায়ন অভিযান; পাঁচ বছরে স্কুল-কলেজ ও মাদ্রাসায় রোপণ হবে ৫ কোটি গাছ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের সবুজায়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’।
সরকারের এই মেগা প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে মোট ৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ দুপুর ২টায় দেশব্যাপী শুরু হচ্ছে এই বৃহৎ সবুজায়ন কার্যক্রম। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
