নিজেদের মাটিতে বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের ম্যাচ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচকে কেন্দ্র করে অফিস-আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও বিভিন্ন বড় কোম্পানিতে আগেভাগেই ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে কর্মীরা নির্বিঘ্নে জাতীয় দলের খেলা উপভোগ করতে পারেন।
আজ ব্রাজিলের সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের সময় বিবেচনায় রেখে দেশটির অধিকাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে।
সোমবার ব্রাজিলের বিভিন্ন অফিস সকাল ৯টায় কার্যক্রম শুরু করলেও দুপুর ১২টার মধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে কর্মীরা সরাসরি বাড়ি কিংবা নির্ধারিত স্থানে গিয়ে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পাচ্ছেন।
বিশ্বকাপ চলাকালে ব্রাজিলে এমন দৃশ্য নতুন নয়। জাতীয় দলের ম্যাচের দিন পুরো দেশজুড়েই ফুটবল উৎসবের আবহ তৈরি হয়। রাস্তাঘাট, দোকানপাট, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানেও ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়ে। অনেক প্রতিষ্ঠান বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও করে থাকে।
এবারও জাপানের বিপক্ষে নকআউট ম্যাচকে ঘিরে ব্রাজিলজুড়ে একই উন্মাদনা দেখা যাচ্ছে। সমর্থকদের বিশ্বাস, জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে সেলেসাওরা এবং ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে যাবে।