কক্সবাজারের টেকনাফ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। রোববার (২৮ জুন) দুপুরের পর এ ঘটনা ঘটে। সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।
অপহৃত জেলেরা হলেন—মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।
প্রশাসন জানায়, টেকনাফসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের ট্রলারটি ভুলবশত মিয়ানমারের সীমান্তবর্তী জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের ট্রলারসহ আটক করে নিয়ে যায়।
ইউএনও এস এম অনীক চৌধুরী জানান, আটক জেলেদের বিষয়ে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এদিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বেড়েছে।
স্থানীয়দের দাবি, নাফ নদী ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে আরাকান আর্মির অপহরণের ঘটনা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ফলে জীবিকার তাগিদে সাগরে যাওয়া শত শত জেলে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।