নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে পরে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগে স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলির একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নিহত জাহাঙ্গীর আলম জনি (৪১) ঢাকার কদমতলী এলাকার বাসিন্দা এবং রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বারে কর্মরত ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রায় পাঁচ বছর আগে ফারজানা ও জাহাঙ্গীরের বিয়ে হয়। জাহাঙ্গীর আগে ফারজানার প্রথম স্বামীর ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। সেই সূত্রে পরিচয় থেকে তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহাঙ্গীরের অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন সন্দেহে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।
অভিযোগ অনুযায়ী, রোববার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ানোর পর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও দুই হাতের রগ কেটে হত্যা করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে সন্দেহ করা রক্তমাখা একটি চাপাতি ও একটি ছুরি জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ফারজানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।