ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার পূর্ব জয়নারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, জনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একাধিক কুরুচিপূর্ণ পোস্ট করেন। বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে জনি বাড়ির সামনে অবস্থান করছেন—এমন খবর পেয়ে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা তাকে আটক করে থানায় খবর দেন। পরে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
গ্রেপ্তারের পর ধারণ করা একটি ভিডিওতে জনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটটি সম্পাদিত (এডিট) করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, ব্যবহৃত ফেসবুক আইডি ও পোস্ট করা মোবাইল ফোনটি তারই।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, জনি ২০২১ সালে রাজাপুর আলিম মাদরাসা থেকে দাখিল পাস করার পর আর পড়াশোনা চালিয়ে যাননি। বর্তমানে তিনি বেকার এবং অতীতেও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট করতেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগে জনিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, অভিযুক্তকে ঘরের গ্রিলের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ সঠিক নয়।