ময়মনসিংহ নগরীর গুলপুকুর পাড় এলাকায় একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের পর তীব্র গ্যাস ছড়িয়ে পড়ে। এতে গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে অন্তত ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় মৈত্রী টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের পর কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গ্যাসের তীব্র গন্ধে শ্বাসকষ্ট ও অসুস্থতা নিয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পুরোনো একটি গ্যাস সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণের পর সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এর তীব্র গন্ধেই স্থানীয় বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে।