বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী উইংয়ের বয়সভিত্তিক দলের নির্বাচক সজল চৌধুরীকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, গত বছরের ডিসেম্বরে বয়সভিত্তিক নারী দলের কয়েকজন ক্রিকেটার সজল চৌধুরীর বিরুদ্ধে মানসিক হয়রানি ও বারবার কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এনে বিসিবির কাছে লিখিত অভিযোগ করেছিলেন। তবে দীর্ঘদিন এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর অভিযোগটি পর্যালোচনা করে সজল চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে একই ধরনের অভিযোগের ভিত্তিতে নারী দলের সহকারী কোচ রুহুল আমিনকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে বিসিবির এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।