কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। মঙ্গলবার সকালে দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে এখনও বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া ২০৪ হেক্টর ফসলি জমি তলিয়ে যাওয়ায় আমন বীজতলা ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে, যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে দুধকুমার নদের তীব্র স্রোতে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী নৌকা, শুকনো খাবার এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ থেকে ৪ দিন বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
⚠️ পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে এখনও বন্যার দুর্ভোগ চলছে।