গাইবান্ধার পলাশবাড়িতে একই স্থানে বিএনপি ও জামায়াতের কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শরীফ আল রাজীব পিপিএম।
পলাশবাড়ি উপজেলা প্রশাসন জানিয়েছে, দুটি রাজনৈতিক দলের একই স্থানে সমাবেশকে ঘিরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।