সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে অসহায় একটি অন্ধ ঘোড়াকে উদ্ধার করে আশ্রয় দেওয়া সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলেজছাত্র সোহানের মানবিক উদ্যোগে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে শিক্ষার্থীটির হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা সোহানের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা পৌঁছে দেন। সোহান চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
সোহান বলেন, অন্ধ ঘোড়াটিরও বেঁচে থাকার অধিকার আছে। তাই প্রাণীটিকে বাড়িতে এনে পরিবারের সহযোগিতায় পরিচর্যা করছেন। প্রধানমন্ত্রীর এই স্বীকৃতি তাকে ভবিষ্যতেও অসহায় মানুষ ও প্রাণীর পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।
জানা গেছে, কয়েকদিন আগে একটি অন্ধ ও অসুস্থ ঘোড়া শ্মশানের পাশে পড়ে থাকার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই ভিডিও ধারণ করলেও উদ্ধার করতে এগিয়ে আসেননি। পরে সোহান ঘটনাস্থলে গিয়ে ঘোড়াটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। স্থানীয় পশুচিকিৎসক পরীক্ষা করে জানান, প্রাণীটির দুই চোখই স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। এরপরও সোহান ও তার পরিবার ঘোড়াটির আজীবন দেখাশোনার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তার নির্দেশনায় প্রথমে বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো হয়। পরে সরেজমিনে গিয়ে নগদ অর্থ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।