লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, কোনো দেশ সহযোগিতায় এগিয়ে না এলেও চলমান বাজেট থেকেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করা হবে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে তিস্তাপাড়সহ বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব হবে।
বুধবার (১ জুলাই) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এমপি বাবুল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের অন্যতম প্রধান এজেন্ডা ছিল তিস্তা মেগা প্রকল্প। দেশে ফিরে প্রধানমন্ত্রী সংসদেও দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ দল তিস্তাপাড় এলাকা পরিদর্শন করেছে এবং সরকার প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, তিস্তা বাঁচাও আন্দোলনে বিএনপি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ক্ষমতায় এলে প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা এখন বাস্তবায়নের পথে। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা আর অভিশাপ নয়, বরং এই অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদে পরিণত হবে।
এক প্রশ্নের জবাবে তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, তিস্তা ইস্যুতে বিএনপিই দীর্ঘদিন আন্দোলন করেছে। অন্য একটি দলের কর্মসূচিকে তিনি ‘লোক দেখানো’ ও ‘জনবিচ্ছিন্ন’ বলে মন্তব্য করেন।
এদিকে তিস্তাপাড়ের বন্যাদুর্গত আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার প্রায় দেড় হাজার পরিবারের মাঝে চাল ও শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাসের মো. রাজিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।