বাংলাদেশের তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই তিস্তা প্রকল্পে কাজ করছে চীন। এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে। তিনি বলেন, তিস্তা ইস্যুতে চীনের সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব প্রকল্প। বাংলাদেশ যত দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে চাইবে, চীনও তত দ্রুত সহযোগিতা করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বিশেষ গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি।
ইয়াও ওয়েন বলেন, এই প্রকল্পে চীনের অংশগ্রহণ পারস্পরিক স্বার্থ ও লাভজনক সহযোগিতার ভিত্তিতেই হবে। প্রকল্পটির সঙ্গে উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবিকা জড়িত। তাই মানবিক ও উন্নয়নমূলক দৃষ্টিকোণ থেকেও চীন এ উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের আগে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) প্রয়োজন। কারণ নদীর অববাহিকাকে ঘিরে নানা জটিল বিষয় রয়েছে। তবে এসব কারিগরি বিষয় ছাড়া অন্য কোনো রাজনৈতিক বিবেচনা চীনের নেই।
চীনা রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে অত্যন্ত সফল উল্লেখ করে বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা আরও বেড়েছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।