কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে পূর্ণমাত্রায় অনুশীলনে ফিরেছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। সবকিছু ঠিক থাকলে তিনি আবারও শুরুর একাদশে ফিরতে পারেন।
কোচ লিওনেল স্কালোনি শেষ অনুশীলনের পর চূড়ান্ত একাদশ নির্ধারণ করবেন। রোমেরো ফিরলে নিকোলাস ওতামেন্দিকে বেঞ্চে বসতে হতে পারে। এছাড়া বাঁ প্রান্তে নিকোলাস তালিয়াফিকোর পরিবর্তে ফাকুন্দো মেদিনাকে খেলানোর সম্ভাবনাও রয়েছে।
আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গী হিসেবে লাওতারো মার্তিনেজ কিছুটা এগিয়ে থাকলেও হুলিয়ান আলভারেজও দৌড়ে রয়েছেন। ফলে ফরোয়ার্ড পজিশনে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা থাকছে।
মধ্যমাঠে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদাকেই দেখা যেতে পারে প্রথম একাদশে।
শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। জয় পেলেই নিশ্চিত হবে শেষ ষোলোর টিকিট।