দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য থাকা ৩৬ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সর্বোচ্চ আদালতের রায়ের পর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারি কর্মকমিশনের (পিএসসি) কাছে আজই পদোন্নতির চাহিদাপত্র পাঠানো হবে। ইতোমধ্যে তিনি পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন।
এর আগে একই দিন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ অধিগ্রহণ করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকরির শর্তাদি) বিধিমালার জ্যেষ্ঠতা ও পদোন্নতি সংক্রান্ত অংশবিশেষ অবৈধ ঘোষণার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেন। এই রায়ের ফলে সরকার প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে পারবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতেও শূন্য শিক্ষক পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।