গাইবান্ধায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৯) হত্যা মামলার প্রধান আসামি বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন এবং গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করছিলেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের রেজাউল করিম ছানা (৫৫) ও তার ছেলে নাসিরুল আহসান আকিব (৩৫)। বুধবার গাজীপুরের মাওনা এলাকা থেকে র্যাব-১৩, র্যাব-১ এবং গাইবান্ধা জেলা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর তারা প্রথমে বগুড়া, পরে ঢাকার কল্যাণপুর, মোহাম্মদপুর, পটুয়াখালীর কলাপাড়াসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। সর্বশেষ গাজীপুরে এক আত্মীয়ের সহায়তায় ভাড়া বাসায় অবস্থান করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে একই মামলায় আকিবের মা বেবি বেগম ও স্ত্রী ইতি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মামলার পাঁচ নামীয় আসামির মধ্যে চারজনই এখন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে।
নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘটিত হামলায় তিনি নিহত হন।