২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় সাফাই সাক্ষ্য দিতে এসে অপহরণ ও গুমের শিকার হওয়া সুখরঞ্জন বালীকে তুলে নেওয়ার ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রিকুইজিশনের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার জানান, তদন্তে পাওয়া তথ্যমতে, দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় সাক্ষ্য দিতে আসা সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় ফজলুর রহমান সরাসরি অংশ নিয়েছিলেন।
তার ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পর সুখরঞ্জন বালীকে ফজলুর রহমান প্রথমে থাপ্পড় মারেন। এরপর শার্টের কলার ধরে তাকে ডিবির একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ফজলুর রহমান ও তার টিমের সদস্যরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলেও দাবি করেন তিনি।
ডিবি জানায়, ঘটনার সময় ফজলুর রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।