পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে, যা দিয়ে প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে অনেক নারী সঞ্চয়ও করতে পারছেন।
শুক্রবার (৩ জুলাই) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একজন মা যদি সরকারি এই সহায়তা পান এবং সচেতনভাবে তা ব্যবহার করেন, তাহলে তিনি পরিবারের অর্থনৈতিক ব্যবস্থাপনা আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন। একই সঙ্গে সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত হলে পুরো জাতিই শিক্ষিত ও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, সরকারের দেওয়া এই আর্থিক সহায়তা শুধু ভাতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। পরিবার ও সমাজের উন্নয়নে নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতেই সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।