জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা বলেছেন, দৃশ্যমান বিচার ছাড়া হত্যাকাণ্ডের প্রকৃত বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। শনিবার (৪ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তারা দ্রুত বিচার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।
সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা আবেগঘন বক্তব্যে বলেন, অনেক পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা সরকারের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি আহত ও শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি সহায়তা এবং জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মারক তুলে দেন। সেখানে সরকারের মন্ত্রী, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।