প্রতিকূল আবহাওয়ার কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের বড় একটি সময় ১০ জন নিয়ে খেলেও জয় ধরে রাখে থমাস টুখেলের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় মেক্সিকো। তবে কার্যকর পাল্টা আক্রমণে প্রথমার্ধেই জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির ঠিক আগে হুলিয়ান কুইনোনেস গোল করে ব্যবধান কমান।
দ্বিতীয়ার্ধে হ্যারি কেইন পেনাল্টি থেকে ইংল্যান্ডের তৃতীয় গোল করেন। তবে ৫৪ মিনিটে হেসুস গায়ার্দোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা। ফলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় ইংলিশদের।
সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে মেক্সিকো একের পর এক আক্রমণ চালালেও আর মাত্র একটি গোলই শোধ করতে পারে। রাউল হিমিনেজ পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-২ করলেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।
পরিসংখ্যানে মেক্সিকোর আধিপত্য ছিল স্পষ্ট। তারা ৬৭ শতাংশ বলের দখল রেখে ১৯টি শট নেয়, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ইংল্যান্ড মাত্র ৫টি শটের ৪টিই লক্ষ্যে রাখতে সক্ষম হয় এবং সেখান থেকেই তিনটি গোল আদায় করে নেয়।
এই হারের মধ্য দিয়ে সহ-আয়োজক মেক্সিকোর বিশ্বকাপ অভিযান শেষ হলো। ১৯৮৬ সালের পর নিজেদের মাটিতে আবারও কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল তাদের। এছাড়া এটি আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর ইতিহাসের তৃতীয় প্রতিযোগিতামূলক হার।