বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, নদীভাঙন রোধে সরকার ইতোমধ্যে প্রায় ৯৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় দেশজুড়ে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুন চর এলাকায় ‘সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য রাখতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ কাটার প্রবণতা থাকলেও গাছ লাগানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে। জলবায়ু পরিবর্তন, ঝড়, বন্যা ও নদীভাঙনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জয়নুল আবেদীন জানান, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গঠনে সহায়ক হবে।
তিনি আরও বলেন, গত চার মাসে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় সড়ক, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং এ উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সরকার ও তিনি ব্যক্তিগতভাবে ‘জিরো টলারেন্স’ নীতিতে আছেন। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী যাদের গ্রেপ্তার করবে, তাদের পক্ষে কেউ তদবির করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। পরে রাজগুরু নতুন চর এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য জয়নুল আবেদীন।