টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ধসে কক্সবাজারে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ৮ জন এবং কক্সবাজার শহরে ১ জন নিহত হয়েছেন।
সর্বশেষ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে আলী আকবর (৫০)-এর বসতঘরের ওপর পড়ে। এতে তিনি ও পরিবারের আরও দুই সদস্য মাটিচাপা পড়েন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে পাহাড়ের একটি অংশ ধসে ঘরের ওপর পড়ে। পরে আশপাশের মানুষ দ্রুত উদ্ধারকাজে অংশ নিলেও একজনকে আর বাঁচানো সম্ভব হয়নি।
টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি থাকায় পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।