নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পালিয়ে গেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ লেগে থাকত। মাদকের কারণে প্রায় এক বছর আগে তার স্ত্রী সুমা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নিতে চলে যান। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফিরলে আবারও পারিবারিক বিরোধ শুরু হয়।
রোববার রাত ১২টার দিকে সুমন বাবার পাশে শুয়ে ছিলেন। ঘুম না আসায় বাবা মহাতাব সরকার দোয়া পড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন বাবাকে জোর করে ঘর থেকে বের করে বাড়ির উঠানে নিয়ে যান।
অভিযোগ অনুযায়ী, সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পাশাপাশি ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে মহাতাব সরকার ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন এবং মারা যান।
পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক সুমনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।