ময়মনসিংহ নগরের আর কে মিশন রোড এলাকার একটি ভাড়া বাসায় রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৩৮)-কে গলা কেটে হত্যার ঘটনায় বাড়িওয়ালাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, বাসা ভাড়া নেওয়ার পর থেকেই বাড়িওয়ালার সঙ্গে বিরোধ শুরু হয় এবং বাসা ছাড়ার জন্য নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার দিন সকালে বাসা ছাড়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা রাজিবের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাকে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আটক রনি ও সজলকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।