বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফেনিরগ্রাম ফুলতলা এলাকায় এক রাইসমিল মালিককে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মিল থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করে পালিয়ে যায় তারা।
নিহত মোহাম্মদ আলী (৭০) উপজেলার ফেনিরগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত কছিরউদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, রোববার (৫ জুলাই) রাত থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৭টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। রাতে নিজ রাইসমিলে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করে তার হাত-পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করে।
ঘটনার পর মিল থেকে তিনটি ট্রান্সফর্মার চুরি করে পালিয়ে যায় তারা।
সোমবার সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কতজন জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।