ডিমলা, নীলফামারী | মঙ্গলবার, ৭ জুলাই
নীলফামারীর ডিমলা উপজেলার চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করানোর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সহকারী শিক্ষিকা মোছা. কাজলী আক্তার শ্রেণিকক্ষের ভেতরে এক শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি প্রশাসনের নজরে এলে ৬ জুলাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষিকাকে ১০ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।