চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার চশমা পাহাড় এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসে সুমাইয়া (১২) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মাটিচাপা পড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।
নিহত সুমাইয়া ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-৪-এর উপসহকারী পরিচালক শাহ ইমরান জানান, দুপুর ১২টা ৪৮ মিনিটে পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি জানান, দুর্ঘটনার সময় ঘরের ভেতরে থাকা সুমাইয়ার মা-বাবা দ্রুত বের হয়ে প্রাণে বাঁচলেও পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। মুহূর্তের মধ্যেই পাহাড়ধসে ঘরটি মাটিচাপা পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, টানা ভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের বারবার নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই এখনো ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছেন।
প্রশাসন আবারও সবাইকে সতর্ক থাকার এবং পাহাড়ধসপ্রবণ এলাকায় অবস্থান না করার অনুরোধ জানিয়েছে।