নরসিংদীর রায়পুরা উপজেলায় টানা ভারী বর্ষণের কারণে একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানঝুমা আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরে তানঝুমা। এ সময় বাড়ির পাশের একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারী বৃষ্টিতে ভিজে দুর্বল হয়ে হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির বাবা কর্মসূত্রে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়িতে ফেরার পর তানঝুমার দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার জানিয়েছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, “শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে পরিত্যক্ত মাটির ঘরের দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল। ভারী বর্ষণে দেয়ালটি ভিজে নরম হয়ে ধসে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপজেলা প্রশাসন পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।”
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
টানা বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় মাটির ঘর, পাহাড় ও দুর্বল স্থাপনা ধসে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। প্রশাসন ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।